কুড়িগ্রামে চরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, পাঁচ শতাধিক মানুষ

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৪:০৪ পিএম
কুড়িগ্রামে চরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, পাঁচ শতাধিক মানুষ

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। এই মানবিক উদ্যোগে চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

বৃহস্পতিবার দিনব্যাপী কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ সময় বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, চরাঞ্চলে চিকিৎসাসেবা খুবই সীমিত হওয়ায় দূরে গিয়ে চিকিৎসা নেওয়া অনেকের পক্ষেই কঠিন। এ ধরনের উদ্যোগ তাদের জন্য বিশেষ উপকার বয়ে আনে।

বর্ডার গার্ড বাংলাদেশ ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক জানান, সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসএইচ 

Link copied!